গ্র্যামি ছোঁয়ার অপেক্ষায়...

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৯

বিনোদন ডেস্ক

বিশ্বব্যাপী সঙ্গীতের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় বসবে দ্য রেকর্ডিং অ্যাকাডেমি আয়োজনের ৬১তম আসর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের স্টেপলস সেন্টারে অনুষ্ঠিত হবে গ্র্যামি অ্যাওয়ার্ড। প্রতিবছরের মতো এবারের আয়োজনেও রয়েছে বেশ চমক। অ্যাওয়ার্ড মঞ্চে পারফর্ম করার জন্য গত কয়েকদিন রিহার্সেল করেছেন বিশ্বের জনপ্রিয় সঙ্গীত তারকারা।

মোট ৮টি ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রতি ক্যাটাগরিতে একাধিক নাম থাকলেও জনপ্রিয়তার দিক থেকে এরইমধ্যে এগিয়ে রয়েছে কয়েকটি নাম। এরমধ্যে অন্যতম মার্কিন পপ তারকা লেডি গাগা। ‘রেকর্ড অব দ্য ইয়ার’ ও ‘সং অব দ্য ইয়ার’ দুই ক্যাটাগরিতেই রয়েছে তার নাম। ‘অ্যা স্টার ইজ বর্ন’ শিরোনামে একটি হলিউড সিনেমার জন্য করা হয়েছিল এটি। গানটির জন্য ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’ পেয়েছেন গাগা। এছাড়াও ‘ক্রিটিক চয়েজ মুভি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সিনেমার সেরা গানের জন্য আরো একটি পুরস্কার ঘরে উঠেছে তার। এবার গ্র্যামি ছুঁয়ে দেখার অপেক্ষায় রয়েছেন এই তারকা।

এছাড়াও এই জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে রয়েছেন টেইলর সুইফট। তরুণদের মাঝে তার গানের জনপ্রিয়তা নতুন করে ব্যাখ্যার কিছু নেই। ক্যারিয়ারে তার জনপ্রিয়তার ধারাবাহিকতা ঠিক রেখেছেন তিনি বরাবরই। এবারের গ্র্যামি আয়োজনের ‘বেস্ট পপ ভোকাল অ্যালবাম’ ক্যাটাগরির মনোনয়নে রয়েছে তার নাম। যেখানে নারী শিল্পী হিসেবে সর্বোচ্চ পুরস্কার রয়েছে তার ঝুলিতে। ‘রেপুটেশন’ অ্যালবামের জন্য তিনি এবার মনোনয়ন পেয়েছেন। হলিউডের বিভিন্ন গণমাধ্যমে জনপ্রিয়তার দিক থেকে টেইলরকে এগিয়ে রাখা হয়েছে।

অন্যদিকে ‘স্করপিয়ন’ অ্যালবামের জন্য ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে উঠেছে ড্রেকের নাম। অ্যালবামটি মুক্তির পর কয়েকদিনের মধ্যে রেকর্ড গড়ে। ড্রেক ‘গডস প্ল্যান’ গানের জন্য ‘রেকর্ড অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতেও মনোনয়ন পান।

মার্কিন জনপ্রিয় রকব্যান্ড ‘এলাইস ইন চেইনস’। গ্র্যামি অ্যাওয়ার্ডের এবারের আসরে ‘বেস্ট রক ব্যান্ড’ ক্যাটাগরিতে রয়েছে নামটি। ব্যান্ডের ষষ্ঠতম স্টুডিও অ্যালবাম এটি। রিলিজের পর প্রশংসিত এই অ্যালবামটি এবার অ্যাওয়ার্ড পাওয়ার দৌড়ে এগিয়ে আছে।

প্রতিবছর ‘বেস্ট নিউ আর্টিস্ট’ ক্যাটাগরিতে উঠে আসে একাধিক নতুন জনপ্রিয় শিল্পীর নাম। এবার ৮ জনের নামের মধ্যে দুয়া লিপার নামটা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে কয়েকবার।

মনোনয়ন জনপ্রিয়তায় এগিয়ে থাকায়

অনেকের নাম উঠে এলেও শেষ পর্যন্ত কার

হাতে উঠবে কাঙ্ক্ষিত এই পুরস্কার, সেটি

এখন কেবল অপেক্ষা।