‘ঢাকা’ শিরোনামে হলিউডের সিনেমা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৬

বিনোদন রিপোর্ট

 

এবার হলিউডের সিনেমায় দেখা যাবে ঢাকা শহরকে। ‘ঢাকা’ শিরোনামে নেটফ্লিক্সের প্রযোজনায় নির্মিত এই সিনেমাটিতে রয়েছেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ। এছাড়াও ‘অ্যাভেঞ্জার্স’-এর নির্মাতা ও প্রযোজক জো রুশো, অ্যান্থনি রুশো, গোলশিফতা ফারাহানি, ডেভিড হারবারের মতো তারকারা রয়েছেন। সিনেমার শুটিংয়ের জন্য ঢাকায় আসেনি সিনেমার টিম। গত ৪ মাস ধরে ছবিটির শুটিং চলছে ভারত ও থাইল্যান্ডে। ভারতে ঢাকা শহরের মতো সেট তৈরি করে ঢাকার অংশের শুটিং করা হয়। এই সিনেমায় যুক্ত রয়েছেন বাংলাদেশি নির্মাতা রাফায়েল আহসান। ছবিটিতে তিনি কোচ হিসেবে কাজ করেছেন। ছবিটিতে বাংলা সংলাপও আছে। যেগুলো তিনি রচনা করেছেন। এছাড়া ক্রিস, রণবীর, হিমাংশু, ডেভিড হার্ববার্টসহ বেশ কয়েকজনের কোচ হিসেবে কাজ করেছেন রাফায়েল।

ঢাকায় শুটিং না হওয়া প্রসঙ্গে রাফায়েল বলেন, ‘সিনেমাটির জন্য যখন যে লোকেশনে কাজ করা হচ্ছে তখন পুরো এলাকা দখল করে কাজ করা হচ্ছে। যা ঢাকায় করা সম্ভব ছিল না। হলিউডের নির্মাতারা তো অনেক পারফেক্ট করতে চায়। খুঁটিনাটি অনেককিছু নিয়ে কাজ করতে হয়। এত বড় অ্যারেঞ্জমেন্ট ঢাকায় করা সম্ভব নয়। এছাড়া আমরা এ পর্যন্ত সাড়ে ৪০০ গাড়ি কিনেছি, শিল্পীদের জন্য ভ্যানিটিভ্যান রয়েছে ৩০টি। এখন যদি আমরা শাহবাগে এই দৃশ্য করতে যাই, অবস্থাটা কেমন হবে? পুরো শহর অবরুদ্ধ হয়ে যাবে। এছাড়াও ঢাকা শহরজুড়ে এখন কাজ চলছে, তাই এখানে এটা সম্ভব নয়। এখানে জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয় আছে। তারা এ ব্যাপারে কোনো ছাড় দিতে চান না।’

শুটিংসেট দেখলে বোঝার উপায় নেই এটি ঢাকা নয়। বাংলাদেশের রাজধানীর মতোই বাংলায় লেখা সাইনবোর্ড, অটোরিকশা আর রিকশা, রাস্তা সাজিয়ে বানানো হয়েছে কৃত্রিম ঢাকা।