বিবিরবাজার বন্দর সড়ক!

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২১:২২

কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর সড়কে চলাচল করে কন্টেইনারবাহী লরি, কাভার্ডভ্যান, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার, পিক-আপ, সিএনজি অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল। এখানকার জগন্নাথ মন্দিরের আশপাশের ঝাঁকুনীপাড়া, বাজগড্ডা, সুয়ারা, অরণ্যপুর, কাজীপাড়া, বিবিরবাজার, গিলাতলী, রূপবান চৌমুহনী, কটকবাজারসহ বিভিন্ন গ্রামের মানুষের যাতায়াতও এই সড়কে। কিন্তু পাঁচ বছরেরও বেশি সময় ধরে জগন্নাথ মন্দির সংলগ্ন মূল সড়কটির প্রায় ২০০ মিটার এলাকায় বেশ কয়েকটি বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিনই মালবোঝাই কিংবা হালকা যান চরম ঝুঁকি নিয়ে চলাচল করে। সড়কের এই স্থানেই প্রতিদিনই যানবাহন বিকল হচ্ছে, আবার যাত্রী নিয়ে গর্তে পড়ছে। কালেভদ্রে এসব খানাখন্দকে পরিত্যক্ত ইট বা খোয়া ফেলে দুর্ভোগ লাঘবের ব্যর্থ চেষ্টা করা হয়। সড়কটিতে বড় বড় গর্তে পরিপূর্ণ হওয়ায় রোগীদের জরুরি সেবাদানে অ্যাম্বুলেন্স সুবিধাও মিলছে না। এ অবস্থায়, সড়কটির দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মামশাদ কবীর, সিন্দুরিয়াপাড়া, ময়নামতি, কুমিল্লা