বিনোদন রিপোর্ট
নিউইয়র্কে শো টাইম মিউজিক অ্যান্ড প্লে আয়োজিত ঢালিউড অ্যাওয়ার্ডের ১৮তম আসর আগামী ৭ এপ্রিল। এটি অনুষ্ঠিত হবে জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে। এবারের আসরে আকর্ষণ হিসেবে থাকবেন সংসদ সদস্য ও চিত্রাভিনেতা ফারুক। গত বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের জমকালো অনুষ্ঠানের নাম ঢালিউড অ্যাওয়ার্ড। বহির্বিশ্বে সবচেয়ে বড় তারকামেলা ঢালিউড অ্যাওয়ার্ড। যে অনুষ্ঠানে বিদেশের মাটিতে বাংলাদেশের সেরা শিল্পীদের সম্মান জানান প্রবাসীরা। প্রতিবছরের মতো এবারো জ্যামাইকার ইয়র্ক কলেজে অডিটোরিয়ামে বসছে ঢালিউড অ্যাওয়ার্ডের ১৮তম আসর। ৭ এপ্রিল অনুষ্ঠিতব্য আসরে বাংলাদেশের কিংবদন্তী চিত্রনায়ক ফারুক, অভিনেত্রী সুর্বণা মুস্তাফাসহ একঝাঁক তারকা শিল্পীর উপস্থিতি ঘটবে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী শাহ নেওয়াজ, মর্টগেজ এক্সপার্ট ফাহিম, রাজনীতিক জাকারিয়া চৌধুরী, আহসান হাবিব, খাইরুল ইসলাম খোকন ও নুশরাত।
