স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
আজ হতে ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগের খেলোয়াড় দলবদল। ১০ দল নিয়ে ২০ সেপ্টেম্বর লিগ শুরু। গত মৌসুমের শুরুর দিকে প্রিমিয়ার ফুটবল মাঠে গড়ালেও করোনার হানায় মার্চ মাসে এসে তা স্থগিত হয়ে যায়। এবারও কয়েক দফায় সূচি পরিবর্তন করতে হয়েছে লিগ কমিটিকে। বর্তমানে আর পিছানোর সম্ভাবনা নেই বলে জানালেন ডিএফএর সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল। লিগ আয়োজনের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়ায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে ধন্যবাদ জানিয়েছেন ফুটবলাররা। তবে প্রত্যেক দলে ১২ জন খেলোয়াড়কে কোটা দেখিয়ে বাইন্ডিং করে দেওয়ায় তারা অনেকটা মর্মাহত। লিগ কমিটির সভাপতি এস এম শহিদুল ইসলাম জানান, গত মৌসুমে লিগ শুরুর পর খেলোয়াড়দের পেমেন্ট প্রায় দেওয়া হয়ে গেছে। কিন্তু সে বিবেচনায় তারা লিগে খেলেছে মাত্র কয়েকটি ম্যাচ।
