তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রতিবন্ধীরা যাতে একে অপরকে ইমোজি পাঠাতে পারে সে জন্য নতুন ডজনখানেক ইমোজি চালু করা হয়েছে। এছাড়া হিয়ারিং এইড লাগানো কান, হুইলচেয়ার, কৃত্রিম অঙ্গ, গাইড কুকর এসবের মতো আরও বেশকটি নতুন ইমোজির অনুমোদন দেওয়া হয়েছে। চলতি বছরের জুন মাস নাগাদ স্মার্টফোন ব্যবহারকারীরা এসব ইমোজি ব্যবহারের সুযোগ পাবেন।
২০১৮ সালের মার্চ মাসে অ্যাপল কোম্পানি আমেরিকার অন্ধ এবং বধিরদের জাতীয় সংস্থার সঙ্গে পরামর্শ করে ১৩টি অঙ্কনচিত্র জমা দিয়েছিল যার ওপর ভিত্তি করে এসব ইমোজি তৈরি করা হয়েছে।
সর্বমোট ২৩০টি নতুন ইমোজি অনুমোদন দেওয়া হয়েছে বলে সম্প্রতি বিবিসিতে প্রকাশিত একটি সংবাদে এটি নিশ্চিত করা হয়েছে। কম্পিউটার প্রস্তুতকারক, সফটওয়্যার ডেভেলপার এবং অন্য প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি গ্রুপ দ্বারা বিষয়টি পরিচালিত হচ্ছে।
অ্যাপল, গুগল, মাইক্রোসফট, স্যামসাং, ফেসবুক, টুইটারসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ইউনিকোডের ডিজাইনগুলো তাদের নিজেদের পছন্দমতো নিয়ে নিতে পারবে কিন্তু প্রতিটি পণ্যের বৈশিষ্ট্য একটি অন্যটির থেকে আলাদা হতে হবে।
বিভিন্ন ধরনের প্রতিবন্ধিত্বের শিকার মানুষদের প্রতিনিধিত্বের জন্য নতুন নতুন ইমোজি তৈরির জন্য গত বছর অ্যাপলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার পর ইউনিকোড ঘোষণা দিয়েছিল যে, প্রতিবন্ধীদের জন্য নতুন ইমোজি আনা হবে। সারা বিশ্বে প্রতি সাতজনের মধ্যে একজন মানুষ কোনো না কোনো প্রতিবন্ধিত্বের শিকার বলে ধারণা করা হচ্ছে।
সূত্র :বিবিসি
