বৈরী আবহাওয়ার কারণে রংপুর বিভাগে শুক্রবার থেকে শুরু করে শনিবার সন্ধ্যা পর্যন্ত কনকনে শীত ও ঠাণ্ডা বাতাসে নাকাল এলাকার নিম্ন আয়ের মানুষ গুলো। সঙ্গে রয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। বৃষ্টির কারণে কর্মব্যস্ত মানুষ পড়েছেন ভোগান্তিতে। নগরীর বাইরে জেলার প্রত্যন্ত এলাকায় দুর্ভোগে তৃণমূলের মানুষ।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ শুরু হয় শিলা বৃষ্টি। প্রায় দশ মিনিটের মতো চলে। কখনো আকাশে সূর্যের কিরণ ছড়িয়ে কর্মব্যস্ত মানুষকে চঞ্চল করছে। আবার কখনও গুঁড়িগুঁড়ি বৃষ্টি মানুষের ভোগান্তির কারণ হচ্ছে।
রংপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ইত্তেফাককে জানান, রবিবার দুপুর পর্যন্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত রংপুরে ৯ দশমিক ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আরো পড়ুন: রাজার বাধা, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নভঙ্গ থাই রাজকুমারীর
রংপুর কৃষি বিভাগের ডিডি সরোয়ার হোসেন জানান, রংপুরের দোঁয়াশ মাটিতে এই বৃষ্টিপাত তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। তবে বৃষ্টিপাত বেশি হলে আলুসহ বিভিন্ন ফসলের ক্ষতির সম্ভাবনা আছে।
ইত্তেফাক/অনি
