কোম্পানীগঞ্জে ১৪৪ ধারা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রংমালা বাজারের ৫ বর্গকিলোমিটার এলাকায় রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর ১৪৪ ধারা জারি করেন। 

রংমালা দারুস সুন্নাহ মডেল মাদরাসা পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়। ১৪৪ ধারা জারিকৃত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। রবিবার সকাল থেকে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কোথাও গণজমায়েত হতে দিচ্ছে না।

রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলকে সরিয়ে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুকে কমিটির আহ্বায়ক করা হয়। এ ঘটনায় রবিবার সকাল ১০টায় মাদারাসার সামনে প্রতিবাদ সভা ডাকেন কাদের মির্জা। 

No description available.

অপরদিকে দিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওই মাদরাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুনকে অপমান করার প্রতিবাদে একই সময় একই স্থানে প্রতিবাদ সমাবেশের ডাক দেন মাহবুব রশিদ মঞ্জু। তাদের পাল্টাপাল্টি কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়।


ইত্তেফাক/ইউবি