তালেবান ইস্যুতে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের ওপর যুক্তরাষ্ট্র ও তার দেশ নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। ৩ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার (৩ সেপ্টেম্বর) নয়া দিল্লিতে এ কথা জানিয়েছেন তিনি।
তালেবানের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, সীমিত পরিসরে তাদের সঙ্গে যুক্ত দিল্লি, আমাদের উদ্বেগের বিষয়ে যুক্তিসঙ্গত কারণ থাকার ইঙ্গিত দিয়েছে নতুন শাসকেরা। দিল্লির মতো ওয়াশিংটনও সতর্কভাবে পর্যবেক্ষণ করছে আফগান পরিস্থিতি। পাকিস্তানের কর্মকাণ্ড সূক্ষ্ম দাঁতের চিরুনি দিয়ে পর্যবেক্ষণ করতে হবে উল্লেখ করে শ্রিংলা বলেন, আফগানিস্তান পরিস্থিতি কীভাবে আবর্তিত হয়, তা দেখতে অপেক্ষা ও পর্যবেক্ষণ নীতি নেবে যুক্তরাষ্ট্র। একই নীতি অনুসরণ করবে ভারতও।

শ্রিংলা বলেন, তালেবানের সঙ্গে আমাদের সম্পর্ক সীমাবদ্ধ। আমাদের মধ্যে গভীরে গিয়ে কোনো কথাবার্তা হয়নি। তবে এখনও পর্যন্ত যেটুকু আলোচনা হয়েছে, তাতে তালেবান ইঙ্গিত দিয়েছে যে, তারা যুক্তিসঙ্গতভাবে আমাদের উদ্বেগের বিষয়টি বিচার-বিবেচনা করবে।
মাঠ পর্যায়ে পরিস্থিতি এখনো অনেক অস্থিতিশীল মন্তব্য করে তিনি আরো বলেন, পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা দেখতে হলে সময় দিতে হবে। তালেবানের দেয়া প্রতিশ্রুতিগুলো তারা রক্ষা করছে কিনা, করলেও তা কীভাবে করে, সেটিও দেখতে হবে।
এনডিটিভি জানায়, মুসলিম হিসেবে কাশ্মির-ভারতসহ পৃথিবীর সকল প্রান্তের মুসলিমদের হয়ে কথা বলার অধিকার রয়েছে তালেবানের- এমন মন্তব্য করে সংগঠনটির মুখপাত্র ড. সুহাইল শাহিন বলেছেন, মুসলিম হিসেবে আমরা অবশ্যই কথা বলবো।
ইত্তেফাক/এএইচপি
