ইরাকের উত্তরাঞ্চলের একটি তল্লাশিচৌকিতে হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী। এতে ১৩ পুলিশ সদস্য নিহত এবং আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে একাধিক সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
নাম প্রকাশ না করার শর্তে ইরাকি পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানান, কিরকুক শহরের ৬৫ কিলোমিটার দক্ষিণে আল রাশাদ এলাকায় হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও হতাহত হয়েছেন।
তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি আইএস। অন্য কোনো সংগঠনও দায় স্বীকার করেনি।
সাম্প্রতিক সময় ইরাকে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ভয়াবহ সব জঙ্গি হামলার ঘটনা ঘটছে। এসবের পেছনে আইএসের হাত রয়েছে অভিযোগ।
গত ১৯ জুলাই সদর সিটির একটি বাজারে আইএসের বোমা হামলায় ৩০ জন নিহত হন। সেটির দায় স্বীকার করেছিল আইএস।
ইত্তেফাক/টিএ
