প্রান্তিক নারীর নীল পল্লী ক্রিয়েশন

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২০:০৭

  মো. আমিরুজ্জামান

 

নীলফামারীর সৈয়দপুরে রেমিট্যান্স আয়কারি সম্ভাবনাময়ী শিল্প মহামারির ছোবলে বন্ধ হতে চলেছে। ধারদেনা করে পুঁজি বিনিয়োগ করেও শেষ রক্ষা মিলবে কি না, তা নিয়ে প্রচণ্ড সংশয়ে আছে কর্তৃপক্ষ। এমন অবস্থার শিকার হয়েছে বেসরকারি সংস্থা নীল পল্লী মহিলা উন্নয়ন সমিতি পরিচালিত নীল পল্লী ক্রিয়েশন নামক শিল্পটি। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আছেন ৩ হাজার নারী। তারা সংসারের কাজের ফাঁকে বাড়িতে বসেই কাজ করে বাড়তি আয় করে সচ্ছলতা ফেরাতে অর্থের জোগান দেন। কোভিডের কারণে ইতিমধ্যে অনেকেই কাজ হারিয়েছেন। যারা খেয়ে-না খেয়ে জড়িত আছেন, তারাও আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে কাজহারা হতে পারেন।

নীল পল্লী ক্রিয়েশনের তৈরি পণ্য দেশের গণ্ডি পেরিয়ে অস্ট্রেলিয়া ও তুরস্কের বাজারে যেত। অনলাইনে ব্যবসায়ীরা যোগাযোগ করে ঐ প্রতিষ্ঠানের পণ্য কিনতেন। কিন্তু অতি মহামারির ছোবলে বিদেশি গ্রাহকেরা পণ্য সরবরাহের কোনো নির্দেশ দিচ্ছেন না। ফলে তৈরিকৃত পণ্যের স্তূপ দিনদিন বাড়ছে। পণ্য বিক্রি না হওয়ায় শ্রমিক-কর্মচারী ও কারিগরদের পাওনা পরিশোধ করতে পারছেন না ঐ শিল্পের সঙ্গে জড়িত কর্তাব্যক্তিরা। একই সঙ্গে মোটা অঙ্কের রেমিট্যান্স থেকে বঞ্চিত থাকছে দেশ।