ক্যাম্পাসে ফেরার অপেক্ষায়

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২০:০৭

  মেহেরাবুল ইসলাম সৌদিপ

জীবন কেটে যায়, চলে যায় সময়ও। শুধু ফেরা হয় না প্রাণপ্রিয় ক্যাম্পাসে। দিন যায়, মাস যায় শুধু ক্যাম্পাসে ফেরার অপেক্ষায়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সবারই প্রিয় একটি জায়গা, সবার কাছে পবিত্র একটি জায়গা। এখানেই উচ্চশিক্ষার দাঁড়প্রান্তে এগিয়ে যায় সবাই। কিন্তু মহামারি করোনা ভাইরাস যেন বিশ্ববিদ্যালয়গুলোকে খুলতেই দিচ্ছে না। এ অপেক্ষার প্রহর যেন শেষ হওয়ার নয়।

আবেগ অনুভূতি জড়ানো বিশ্ববিদ্যালয় দীর্ঘ দিন বন্ধ আছে। এখন ক্যাম্পাসকে খুব বেশি মনে পড়ে। এই নাড়ির বাঁধনে তীব্র টান অনুভূত হয়। এখন রয়েছে শুধু আক্ষেপ, আর শিক্ষার্থীরা গুনছেন অপেক্ষার প্রহর। ক্লাসের ব্যস্ততা, চায়ের কাপের সঙ্গে গান, চিরচেনা মুখ, লাল বাস যেন করোনাকালীন সময়ের জন্য হারিয়ে গেছে। বাসায় চার দেওয়ালের মধ্যে ফোন গ্যালারিতে রাখা ছবিগুলো দেখে সময় কেটেছে সবার। শিক্ষার্থীদের দ্বিতীয় বাড়ি ক্যাম্পাস যেন নিস্তব্ধ হয়ে রয়েছে। ক্যাম্পাসে বন্ধুত্বের আড্ডাগুলো মিস করছেন সবাই। প্রিয় শিক্ষক, ক্লাসরুম সবগুলো যেন এখনো কল্পনার বিলাসিতা। ঘরে বসে বসে নবীন-প্রবীণরা বন্দিজীবনে স্বপ্ন দেখছে ক্যাম্পাসে ফিরে যাওয়ার। আশায় বুক বেঁধে আছে কবে ফিরবে স্বপ্নের ক্যাম্পাসে।

আবারও সারাদিনের পড়াশোনার পাশাপাশি বন্ধুদের নিয়ে আড্ডা জমে উঠবে ক্যাম্পাসের চায়ের দোকানগুলোতে। আবার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ক্লাস, টিএসসিতেতে বন্ধুদের সঙ্গে চা-আড্ডা আর লালবাসে বন্ধুরা মিলে গলা ফাটিয়ে বেসুরা গলায় গানের আড্ডায় একসঙ্গে চলতে চায় সবাই। ক্লাসের অসমাপ্ত লেকচার, টিউটোরিয়াল, এসাইনমেন্ট, বন্ধু ও প্রিয়জনকে দেওয়া প্রতিশ্রুতি সবকিছুই দ্রুত ফিরে পেতে চায় সবাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট যেমন শান্ত চত্বর, টিএসসি, বিজ্ঞান অনুষদ চত্বর, কলা অনুষদ চত্বর, কাঁঠালতলা, বিশ্ববিদ্যালয়ের মূলগেটের বাইরে, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের সামনে, বিশ্ববিদ্যালয় বাসের ভেতরে, ক্যান্টিনে, ভাষাশহিদ রফিক ভবনের সামনে, অবকাশ ভবনে, শহিদ মিনারের সামনে, বিভিন্ন একাডেমিক ভবনে ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের খোশগল্প আর একসঙ্গে দলবেঁধে বন্ধুদের আড্ডায় ভরপুর হয়ে উঠবে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মিলনমেলা, আনন্দ আর উল্লাসের জমে উঠবে আড্ডা। ছাত্রছাত্রীদের পদচারণায় আবার কবে ক্যাম্পাস মুখর হয়ে উঠবে, বন্ধুরা সবাই একসঙ্গে মিলে আড্ডা দিতে পারবে। বাসায় বসে থেকে এখন এই অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে সবাইকে।