২৬ ফুটবলার ডাকবেন জেমি ডে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৩

কম্বোডিয়ায়

প্রীতি ফুটবল

ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে প্রতিদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের খেলা দেখছেন। কখনো ঢাকার বাইরে গিয়েও লিগের খেলা দেখছেন। খেলোয়াড় পছন্দ করছেন জাতীয় দল গঠনের জন্য। কারণ, ৯ মার্চ কম্বোডিয়ায় বাংলাদেশের প্রীতি ম্যাচ কম্বোডিয়ার বিপক্ষে।

জেমি তার পছন্দের খেলোয়াড় তালিকাও একটা করে ফেলেছেন। প্রকাশ করছেন না; কারণ এখনই বলে ফেললে পরে কোনো কারণে তাকে না নেয়া হলে সেটা ভালো দেখাবে না। তবে তার পরিকল্পনার কথা প্রকাশ করেছেন এ কোচ। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে রহমতগঞ্জ ও নোফেল ক্লাবের খেলা দেখে বেরিয়ে যাওয়ার সময় কোচ জেমি ডে বলছিলেন ৬ মার্চ কম্বোডিয়া যাবে ফুটবল দল। তিনদিন আগেই যাবে, কারণ সেখানে গিয়ে মানিয়ে নেয়ারও একটা বিষয় থাকে। তবে এবার সবচে বড় কথা হচ্ছে জাতীয় দল কম্বোডিয়া যাওয়ার আগে অনুশীলন করতে পারছে না বলে জানিয়েছেন কোচ। অনুশীলন করার সুযোগ নেই; কারণ কোচ বলছেন এখন প্রিমিয়ার লিগের খেলা চলছে। কম্বোডিয়া যাওয়ার আগে অনুশীলন করার সময় পাওয়া যাবে না। তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের ডাকব। কথা বলব। আমার প্ল্যান নিয়ে কাজ করব। কি করতে চাই আমি, খেলোয়াড়দের কাছ থেকে কি পেতে চাই সেটা জানাব। সেখানে কিভাবে কি করতে হবে তা নিয়ে একটা প্ল্যানের পাশাপাশি জাতীয় দলের লক্ষ্যটা নিয়ে সবকিছু জানিয়ে দেব ফুটবলারদের।’

কিন্তু অনুশীলন হবে না কেন জানতে চাইলে জেমি ডে বললেন, ‘ওই যে বললাম লিগ চলছে। কিভাবে অনুশীলন করাবো।’ হাঁটা পথে কথা বলতে বলতে জেমি ডে তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। প্রশ্ন উঠল একটি সেশনও  কি অনুশীলন হবে না? জেমি বললেন, ‘না অনুশীলন হবে। এখানে হবে না। সময় পাবো না। আমরা অনুশীলন করব কম্বোডিয়া গিয়ে। ফুটবলাররা এখানে লিগ খেলছে আমি তাদের অনুশীলনের জন্য আলাদা করে পাবো না। কম্বোডিয়া গিয়ে চূড়ান্ত করব।’ কতজন ফুটবলার যাবেন কম্বোডিয়ায়? জেমি ডে বললেন, ‘২৬ ফুটবলার যাবেন। ডাকব ২৬ জনকেই। যাদের ডাকব তারাই চূড়ান্ত।’ নতুন মুখ থাকবে কিনা এমন প্রশ্নে জেমির জবাব, ‘থাকবে থাকবে। দুই থেকে মাত্র তিনজন ফুটবলার নতুন।’ নাম জানতে চাইতেই হেসে উঠলেন। বললেন, ‘এ তিন তরুণের নাম বলা ঠিক হবে না।’

কম্বোডিয়া থেকে এসে বাহরাইন যাবে ফুটবল দল। জেমি ডে বললেন, ‘কম্বোডিয়ায় সিনিয়র ফুটবল দল খেলব। আর বাহরাইনে অনূর্ধ্ব-২৩ ফুটবল দল খেলবে। কম্বোডিয়ার দলটাই বাহারাইন যাবে।’ জেমি ডের কথায় সুস্পষ্ট ইঙ্গিত বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের প্রস্তুতি হিসাবেই ধরা হচ্ছে কম্বোডিয়ায় প্রীতি ম্যাচটা।