ম্যানইউ- রিয়ালের নজরে ‘নতুন রোনালদো’

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৫

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেড বেনফিকার অ্যাটাকিং মিডফিল্ডার হোয়াও ফেলিক্সকে পর্যবেক্ষণ করছে, যিনি ইতোমধ্যেই ‘নতুন রোনালদো’ আখ্যা পেয়ে গেছেন।

১৯ বছর বয়সী ফেলিক্সের পেশাদার ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে অভিষেক হয় গত আগস্টে। এরই মাঝে তিনি স্পোর্টিংয়ের বিপক্ষে গোল করে লিসবন ডার্বিতে লক্ষ্যভেদ করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় বনে গেছেন। গেল সপ্তাহে ফিরতি ডার্বিতে বেনফিকার ৪-২ গোলের জয়েও গোলের দেখা পেয়েছেন এই পর্তুগিজ।

খেলোয়াড়টির খুব কাছের একটি সূত্র ধরে ইএসপিএন এফসি জানিয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্তাসের মত ইউরোপীয় শক্তিরা ফেলিক্সকে পর্যবেক্ষণে স্কাউট প্রেরণ করেছে বেনফিকায়। সূত্রটি আরও জানায়, ১২০ মিলিয়নের রিলিজ ক্লজ থাকা এই খেলোয়াড় আসছে গ্রীষ্মেই নতুন ঠিকানায় ছুটতে পারেন! তবে এতে ভড়কে যাচ্ছেন না ফেলিক্স। ইতালিয়ান গণমাধ্যম টুট্টোস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘উল্লেখিত সংখ্যা, গণমাধ্যমের তুলনা কিংবা আমার প্রতি বিশ্বসেরা দলগুলোর আগ্রহে আমি মোটেও ভীত নই। তবে আমি অভিভূত!’

ফেলিক্স জানান ইউরোপের বড় লিগগুলোর একটিতে খেলতে চান তিনি। বেনফিকা মিডফিল্ডারের ভাষায়, ‘আমি একজন পেশাদার খেলোয়াড় এবং ভালোভাবে পরামর্শপ্রাপ্ত হওয়ায় কিছুটা ভাগ্যবানও। স্প্যানিশ, ইতালিয়, ইংলিশ এবং ফরাসি লিগের মতো বড় লিগের দলগুলোর নজর আছে আমার উপর। পর্তুগালের সব সেরা খেলোয়াড়ই সেখানে খেলতে চায়। অবশ্যই আমিও গুরুত্বপূর্ণ বিদেশি লিগে খেলতে চাই।’ তবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে আদর্শ মানা এই খেলোয়াড় জুভেন্তাস তারকার পাশে খেলার বিশেষ আগ্রহ দেখিয়ে বলেন, ‘আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলতে চাই কেননা তিনি অবিসংবাদিতভাবে সেরা। সবার জন্য তিনি আদর্শের মত। তার মতো দানবের পাশে খেলাটা আমাকে আরও উন্নতি করতে সাহায্য করতে পারে।’ ২০১৬-১৭ মৌসুমে উয়েফা ইউথ লিগে বেনফিকার হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জোড়া গোলের দেখা পান ফেলিক্স। তার পর থেকেই পর্তুগিজ প্রতিভাটিকে পর্যবেক্ষণে রাখছে স্প্যানিশ পরাশক্তিরা।