ডেভিড বেকহ্যামের সম্মানে তার সাবেক দল লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি তাদের স্টেডিয়ামের বাইরে সাবেক ইংলিশ অধিনায়কের মূর্তি স্থাপন করতে যাচ্ছে। ২ মার্চ শিকাগো ফায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লিগ মৌসুম শুরু করতে যাচ্ছে গ্যালাক্সি। মেজর লিগ সকারের দলটি জানিয়েছে তার আগেই তাদের মাঠ ডিগনিটি হেলথ স্পোর্টস পার্কের বাইরে মূর্তিটি উন্মোচন করবে তারা। ২০০৭ সালে এমএলএস দল লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিতে যোগ দেন বেকহ্যাম। ২০১৩ সালে দল ছাড়ার আগে দলটির হয়ে খেলেছিলেন ১২২ ম্যাচ, জিতেছিলেন দুইটি এমএলএস কাপ। যুক্তরাষ্ট্রের লিগটিতে বেকহ্যামই ছিলেন প্রথম বড় তারকা। তার দেখানো পথ ধরেই পরে সেখানে খেলেছেন থিয়েরি অঁরি, বাস্তিয়ান শোয়েইনস্টাইগার, ওয়েইন রুনি ও জ্লাতান ইব্রাহিমোভিচের মতো তারকারা।
