চট্টগ্রামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম চারদিনের ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল ম্যাচের তৃতীয় দিন শেষে সফরকারীদের চেয়ে ২৯ রানে এগিয়ে আছে বাংলাদেশের যুবারা। আজ ম্যাচের চতুর্থ দিনে যতদ্রুত সফরকারীদের দ্বিতীয় ইনিংস শেষ হবে ততই জয়ের দুয়ারে এগিয়ে যাবে বাংলাদেশ যুব দল। ইংল্যান্ডের ২৮০ রানের জবাবে নয় উইকেটে ৩৯৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংলিশরা। গতকাল ম্যাচের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ছয় উইকেটে ৮৯ রান। জর্জ হিল ১২ ও হলম্যান শূন্যরানে ব্যাট করছেন। গতকাল শেষ পাঁচ উইকেটে প্রথম ইনিংসে আরও ১৩২ রান যোগ করেছিল স্বাগতিকরা। অধিনায়ক আকবর আলী ৮২, শাহাদাত হোসেন ৮৪ রানের ইনিংস খেলেছেন। ইংলিশদের পক্ষে হামিদউল্লাহ কাদরি দুটি উইকেট নেন। দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দুই উইকেটে ৫২ রান তুলেছিল সফরকারীরা। তারপরই মড়ক লাগে তাদের ইনিংসে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
