কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াতে ইসলামের কালিয়াকৈর পৌর শ্রমিক কল্যাণের সভাপতিকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আজিজুল ইসলাম কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা গ্রামের মো. হায়দার আলীর ছেলে। তিনি একটি কারখানার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং জামায়াতে ইসলামের কালিয়াকৈর পৌর শ্রমিক কল্যাণের সভাপতি। এলাকাবাসী ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার একটি এলাকায় শুক্রবার সন্ধ্যায় ৯ বছরের ঐ শিশু কন্যাকে বাড়িতে রেখে তার মা বাইরে কাজে যান। এই সুযোগে আজিজ মিয়া গিয়ে শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে যায়। পরে শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময়ে শিশুর চিত্কারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ সময় আজিজ ঘর থেকে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়। শুক্রবার রাতে স্থানীয় কিছু নেতার মাধ্যমে ৫০ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু ঘটনাটি কালিয়াকৈর থানা অবগত হলে শনিবার পুলিশ আজিজুল ইসলামকে গ্রেফতার করে।
