এলেন, দেখলেন, জয় করলেন: নিরব

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৭

ঢালিউডের অমর নায়ক সালমান শাহ। মৃত্যুর ২৫ বছর পরও যার অভিনীত ছবি এখনো সমানভাবে প্রিয় দর্শক-ভক্তদের কাছে। যাকে বলা হয় বাংলা ছবির ফ্যাশন আইকন। তাকে অনুসরণ করেন না এমন নায়ক বাংলাদেশে খুব কমই আছেন। বাংলা চলচ্চিত্রের এই বরপুত্র ছিলেন অনেক অভিনেতারই আদর্শ। তার এই মহাপ্রস্থানের দিনে তাকে স্মরণ করেছেন তেমনই একজন- নিরব হোসাইন। তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন চিত্রনায়ক নিরব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান শাহকে উদ্দেশ করে নিরব লিখেছেন, ‘৯০ দশকে আপনি চলচ্চিত্রে এসেছিলেন হ্যালির ধূমকেতুর মতো! যেন সিনেমাতে এলেন, দেখলেন, জয় করলেন!

পর্দায় পোশাক-পরিচ্ছেদ, সংলাপ বলার ধরন, অভিনয় দক্ষতা- সবকিছু মিলিয়ে একজন দর্শক হিসেবে আমার মনে স্থান করে নিতে সময় লাগেনি। মৃত্যুর ২৫ বছর পরেও বাংলা সিনেমার সর্বসেরা ‘রোমান্টিক হিরো’দের তালিকায় আপনার স্থান উপরে।’

স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘স্পষ্ট মনে পড়ে, রাজবাড়ীর পাংশার নূপুর সিনেমা হলে জীবনে প্রথম আপনার ‘জীবন সংসার’ সিনেমা দেখেছিলাম। পর্দায় আপনাকে দেখে নায়ক হওয়ার ইচ্ছে সেদিনই প্রথম জেগেছিল। আহ্ কী সেই নায়ক, কী তার অভিনয়, কী তার স্টাইল! ভালো থাকুক- আমাদের অমর নায়ক সালমান শাহ।’’

১৯৯৬ সালের এই দিনে (৬ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনের নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সালমান শাহ’র লাশ। সে সময় তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহম্মদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। অপমৃত্যু নয়, বরং হত্যা করা হয়েছে তার ছেলেকে—এ প্রশ্ন তুলে তিনি ঢাকার সিএমএম আদালতে একটি অভিযোগ দায়ের করেন। যার সুরাহা হয়নি আজও।

ইত্তেফাক/বিএএফ