আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল জমিয়ত ইসলামীর প্রধান নেতা সালাহউদ্দিন রাব্বানী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি আলোচনার মাধ্যমে মতবিরোধের সমাধান না হয়, তাহলে পাঞ্জশিরের অস্থিতিকর পরিস্থিতি পুরো আফগানিস্তানে ছড়িয়ে পড়তে পারে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা দ্য খামা প্রেস।
তৎকালীন প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রাব্বানীর ছেলে একটি ভিডিও ক্লিপে তালেবান যোদ্ধাদের উদ্দেশ করে বলেন, ‘এটি আপনাদের যুদ্ধ নয় এবং আপনি বা আপনার জনগণের পক্ষেও নয়। আপনারা হয়তো গত দুই সপ্তাহে রাজনীতি এবং ক্ষমতার দিক থেকে আপনাদের অবস্থান বুঝতে পেরেছেন’।
সালাহউদ্দিন রাব্বানী দেশের বাইরে থেকে ওই ভিডিও ক্লিপটি প্রচার করেছেন। তালেবানরা কাবুল প্রবেশের একদিন আগে তিনিও অন্যান্য আফগান রাজনীতিবিদদের সঙ্গে পালিয়ে ইসলামাবাদ চলে যান।
রাব্বানী বলেন, এখন আফগানিস্তানে কোনো বিদেশি সেনা নেই। ফলে তালেবানের যুদ্ধ করারও কোনো অজুহাত নেই। তাদের উচিত আলোচনার মাধ্যমে মতপার্থক্যগুলোর সমাধান করা। পাশাপাশি এমন একটি সরকার গঠন করা, যেটিকে আফগানিস্তানের সব জনগণ তাদের সরকার হিসেবে মেনে নেবে।
পাঞ্জশির প্রদেশ আফগানিস্তানের একমাত্র স্থান, যেখানে এখনো আহমদ মাসুদের নেতৃত্বাধীন প্রতিরোধ বাহিনী তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। পুরো বিশ্ব দেখেছে, গত চার দিনে যুদ্ধরত দুই পক্ষের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ এবং উভয় পক্ষই তাদের সৈনিকদের হতাহতের দাবি করছে।
ইত্তেফাক/আইডি/টিএ
