পুলিশে প্রায় ৪০ বছর চাকরি শেষে ১ সেপ্টেম্বর অবসরে গেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার পুলিশ কনস্টেবল মো: নুর হোসেন। কোম্পানীগঞ্জ থানা থেকে বিদায়ের মুহুর্তে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন এ পুলিশ সদস্য।
সোমবার (৬ সেপ্টম্বর) সকালে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ওই কনস্টেবলকে বিদায় সম্মাননার পর ফুল সজ্জিত পুলিশের গাড়ি দিয়ে নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেয়।
অবসরপ্রাপ্ত কনস্টেবল মো: নুর হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন ৫নং ওয়ার্ড লক্ষণপুর গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে। স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে নিয়ে তার সংসার।

৪০ বছরের চাকরি জীবনে স্বৈরাচার এরশাদ রিরোধী আন্দোলনের সময় হরতাল অবরোধ চলাকালে কষ্টকর কর্মদিবসগুলো তার স্মরণীয়। তবে সোমবার কোম্পানীগঞ্জ থানা থেকে বিদায়ের দিন কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুদ্দিন আনোয়ার, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, অন্যান্য অফিসার বৃন্দ ও তার সহকর্মী সিপাহী যোদ্ধারা তাকে নব বরের মত যেভাবে বিদায় সম্মামনা দিয়েছেন, তাতে তিনি খুবই খুশি হন। এ সময় চাকরি জীবনের সকল কষ্ট গ্লানি ভুলে গেছেন বলে অনুভূতি প্রকাশ করেন মো: নুর হোসন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুদ্দিন আনোয়ার জানান, ৪০ বছরের কর্মজীবনে সততার সহিত দায়িত্ব পালন করায় বিদায় মুহুর্তে মো: নুর হোসেনকে সম্মানিত করা হয়েছে। অনেকের চাকরি জীবনের বিদায় লগ্নে এ ধরনের ভাগ্য জোটে না।
ইত্তেফাক/এসজেড
