প্রেসক্লাব অব ইন্ডিয়াতে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২০:০৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি ভারতের নয়াদিল্লীতে প্রেসক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার উদ্বোধন করেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নয়াদিল্লীর রাইসানা রোডের প্রেসক্লাব অব ইন্ডিয়ার দ্বিতীয় তলায় সোমবার দুপুরে এই সেন্টার উদ্বোধনকালে ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দু’দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই সুসম্পর্ককে এগিয়ে নিতে দু’দেশের জনগণের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগের জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। প্রেসক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধু মিডিয়া  সেন্টার নি:সন্দেহে এক্ষেত্রে একটি মাইলফলক।

                     No description available.

প্রেসক্লাব অব ইন্ডিয়ার সভাপতি উমাকান্ত লাখেরার সভাপতিত্বে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান, প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব অব ইন্ডিয়ার সাবেক সভাপতি গৌতম লাহিড়ী, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা স্মিতা পান্ডে, ক্লাবের সাধারণ সম্পাদক বিনয় কুমার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

                        No description available.

প্রেসক্লাব অব ইন্ডিয়া এবং নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে গড়ে তোলা আধুনিক ডিজিটাল প্রযুক্তি সম্বলিত বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারে একটি গ্রন্থাগার এবং প্রজেকশন হল রয়েছে। কর্ণারের রক্ষণাবেক্ষণে দুই সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ ও প্রেসক্লাব অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক বিনয় কুমার এতে স্বাক্ষর করেন। প্রেস ক্লাব অব ইন্ডিয়া’র ৬৩ বছরের ইতিহাসে ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’র উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ভারতীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ছিলো ব্যাপক প্রাণ চাঞ্চল্য। বহু রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী এই প্রেস ক্লাবের সাংবাদিক সদস্য সংখ্যা সাড়ে ৪ হাজার। বাংলাদেশ হাইকমিশন প্রেস ক্লাব অব ইন্ডিয়ারকে উন্নত মানের একাধিক কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, একটি এলইডি প্রজেক্টর, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের ওপর রচিত মূল্যবান গ্রন্থ উপহার দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর ওপর একটি তথ্য চিত্র প্রদর্শিত হয়। মিডিয়া  সেন্টারে বাংলাদেশ-ভারত দুই অংশের স্থায়ী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

                      No description available.

এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ নয়াদিল্লীর রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সমাধি চত্বর ঘুরে দেখেন। আগামী ৯ সেপ্টেম্বর তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা।

ইত্তেফাক/এসআই