সাভারে ১৮ স্বর্ণের দোকানে ডাকাতি, লুটপাট

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:১০

সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নে একটি জুয়েলারী মার্কেটের ১৮টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সশস্ত্র ডাকাত দল নয়ারহাট বাজারের জুয়েলারী মার্কেটে এ ডাকাতির ঘটনা ঘটিয়ে সোমবার ভোররাতে পালিয়ে যায়। 

খবর পেয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, ডাকাত দলের সদস্যরা বাজারের নিরাপত্তাকর্মী ও দোকান কর্মচারীদের মারধর করে অস্ত্রের মুখে একটি কক্ষে আটকে রেখে বাজারের ১৮টি দোকানে ডাকাতি করে প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।  

বাজারের নিরাপত্তা কর্মীদের ইনচার্য মো: বাবুল জানান, রাত ১টার দিকে আমি বাজারে টহলরত অবস্থায় দেখতে পাই দু’টি স্যালো নৌকাযোগে প্রায় অর্ধশত লোক বাজারের ঘাটে নামে। প্রথমে আমি বিষয়টি বুঝতে পারিনি তারা ডাকাত দলের সদস্য। কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে থেকে কয়েকজন ব্যক্তি আমার কাছে এসেই আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করতে থাকে। এরপর আমাকে চোখ বেঁধে একটি অন্ধকার কক্ষে আটকে রেখে তিন ঘণ্টাব্যাপি ডাকাতি করে ভোররাত ৪টার দিকে স্যালো নৌকা যোগে দক্ষিণ দিকে চলে যায়। 

জুয়েলারীর কর্মচারী সুশান্ত সরকার বলেন, রাত দেড়টার দিকে আমাদের কেচিগেটের তালা খোলার শব্দ পাই। আমি তাদের পরিচয় জিজ্ঞেস করলে তারা জানায় আমরা পুলিশের লোক। কথা শেষ না হতেই শাটার খুলে তারা ভিতরে প্রবেশ করে আমাদের দোকানে থাকা দুইজনকে মারধর করে হাত বেঁধে রেখে চাবি নিয়ে নেয়। পরে ৬ জন ডাকাত দোকানে থাকা নগদ এক লাখ ২৪ হাজার টাকা, ১৬ ভরি স্বর্ণ এবং ৩৫ ভরি রূপা নিয়ে যায়। ডাকাতরা আমাদেরকে তিন ঘণ্টা অন্য একটি অন্ধকার কক্ষে আটকে রাখে। সেখানে প্রায় ২০ জনের মতো লোককে আটকে রেখেছিলো। ডাকাতদের সবার হাতে দেশীয় এবং আগ্নেয়াস্ত্র ছিলো।  

পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন, ডাকাতির খবর শুনে সকালে আমি বাজার কমিটির লোকজন নিয়ে ঘটনাস্থলে যাই। আমাদের বাজারের ইতিহাসে এতো বড় ডাকাতির ঘটনা কখনও কল্পনা করিনি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের তালিকা ও ক্ষতির পরিমান জানিয়ে ঢাকা জেলা প্রশাসক বরারব একটি দরখাস্ত দিতে বলেছেন। পরবর্তীতে ভুক্তভোগীদের আর্থিক সহযোগীতার জন্য আবেদনে উল্লেখ করা হবে। ডাকাতরা বংশী নদী দিয়ে স্যালোতে করে আসে এবং বাজারের ১৮টি দোকানে ডাকাতি করে প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।  

ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, রাতে বেশ কয়েকটি স্বর্নের দোকানে ডাকাতির খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে পৌছে বিষয়টি তদন্ত করছে। আমিও ভুক্তভোগীদের সাথে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করেছি। যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ অপরাধীদের গ্রেফতারপূর্বক যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এসজেড