পরিবারের সদস্যদের প্রতিদিনই নানা ধরনের রেসিপি তৈরি করা হয়। গরুর গোশতের স্বাদের ভিন্নতা আনতে আপনি ঘরেই তৈরি করতে পারেন লিভার কাবাব ও বিফ সিজলিং। এই দুই পদের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মুন্নি খান
লিভার কাবাব
উপকরণ :গরুর কলিজা ৫০০ গ্রাম, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, কালো গোলমরিচ ১/২ চা চামচ, লালমরিচের গুঁড়া ১/২ চা চামচ, তেল ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, জিরার গুঁড়া ১/২ চা চামচ, গরম মসলা গুঁড়া ১/২ চা চামচ, রসুন ৪-৫ কোয়া, পেঁয়াজ ২টি। প্রণালি :প্রথমেই একটি মিক্সিং বোলে সকল মসলা ও তেল কলিজার সঙ্গে সুন্দরভাবে মেখে বোলটি ঢেকে ৩-৪ ঘণ্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দিন। ৩-৪ ঘণ্টা পর ফ্রিজ হতে মেয়োনেট করা কলিজা বের করে তা কয়েকটি কাঠের অথবা লোহার শিকে একটি একটি করে প্রবেশ করান। এর ফাঁকে ফাঁকে একটি করে রসুন এবং পিয়াজের টুকরা যোগ করবেন। এবার গ্রিলিং প্যানটি উচ্চতাপে গরম করে নিন। এবার চুলার তাপ কমিয়ে কলিজার স্টিকগুলো প্যানে দিয়ে স্টিক ঘুরিয়ে ঘুরিয়ে সবদিকে সমানভাবে ১৫-২০ মিনিট (সুন্দর মতো সেদ্ধ হওয়া পর্যন্ত) গ্রিল করুন। তবে খেয়াল করতে হবে কলিজাগুলো যেন পুড়ে না যায়। গ্রিল করা হয়ে গেলে সালাদ ও সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন কলিজা কাবাব।
বিফ সিজলিং
উপকরণ :গরুর মাংস ৫০০ গ্রাম (ছোট এবং পাতলা করে কাটা), কালো গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, লাল গুঁড়ামরিচ ১ চা চামচ, লবণ স্বাদমতো, সয়া সস ১ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ চা চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, ভিনেগার ১ চা চামচ, ক্যাপসিক্যাম ১/৪ কাপ, গাজর ১/৪ কাপ, তেল পরিমাণমতো।
সসের জন্য :টমেটো ক্যাচাপ ১ চা চামচ, চিলি সস ১ চা চামচ, ওয়েস্টার সস ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, চিনি ১ চা চামচ, সসের উপাদানগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে প্রয়োজনীয় সস ।
প্রণালি :প্রথমে মাংস একটি বোলে নিয়ে এর মধ্যে রসুন বাটা, সামান্য লবণ, গোলমরিচ গুঁড়া, তেল, আদা বাটা, লালমরিচের গুঁড়া, সয়াসস ও ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে ফ্রিজে ১ ঘণ্টার জন্য ঢেকে রেখে দিন। এবার একটি প্যানে তেল দিয়ে ম্যারিনেট করা মাংস দিয়ে উচ্চ তাপে কিছুক্ষণ ভেজে নিন। এরপর প্যানটি ঢেকে চুলার তাপ কমিয়ে অল্প আঁচে ৫ মিনিটের জন্য রান্না করুন। এরই মধ্যে মাংস সেদ্ধ হয়ে যাবে এবং মাংসের ছেড়ে দেওয়া পানি শুকিয়ে আসবে। মাংসের পানি শুকিয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুঁচি, ক্যাপসিক্যাম টুকরা, গাজর টুকরা এবং তৈরি সস দিয়ে ২ মিনিট নেড়ে নামিয়ে ফেলুন। এবার এটি একটি সিজলিং ডিস বা এরূপ কোনো পাত্রে বাটার ব্রাশ করে তাতে গরম অবস্থায় কয়েক মিনিট ঢেকে রাখুন। এরপর গরম গরম সিজলিং ডিস অথবা পছন্দমতো পাত্রে পরিবেশন করুন এবং উপভোগ করুন দেশি স্টাইলে বিফ সিজলিং।
