ধানমন্ডিতে নারী উদ্যোক্তাদের পণ্য মেলা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৪

নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রচার ও প্রসার ঘটানোসহ তাদের কাজ ও সফলতাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে গত শুক্রবার থেকে ধানমন্ডিস্থ ডব্লিভিএ অডিটরিয়ামে (হাউজ ২০, ধানমন্ডি-২৭) শুরু হওয়া তিন দিনব্যাপী উইবিডি উদ্যোক্তা পণ্য মেলা আজ শেষ হচ্ছে। উইমেন অন্ট্রপ্রিনিয়রস বাংলাদেশের (উইবিডি) আয়োজিত এ মেলা শুক্রবার প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন সেলিমা আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) মহাসচিব তৌহিদ আহমেদ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ব্র্যান্ড ও মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সায়েদ রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সেলিমা আহমেদ এমপি বলেন, এ ধরনের মেলার মাধ্যমে দেশের নারী উদ্যোক্তারা উত্সাহী ও অনুপ্রাণিত হবেন। উইবিডির চেয়ারপারসন শারমিন আকতার সাজ বলেন, নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার ঘটানো, তাদের অনুপ্রেরণা জোগাতে এবং উদ্যোক্তা ও ভোক্তার মাঝে সেতুবন্ধন গড়ে তুলতেই এ মেলার আয়োজন। ঋতুরাজ বসন্তকে বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন। মেলা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলছে। —প্রেস বিজ্ঞপ্তি