কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কটিয়াদীতে মুরগির গোবর আঁচরানো নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল খায়ের কাহাব (৫০) নামে এক জন নিহত হয়েছে। রবিবার রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের রুকন উদ্দিনের ছেলে।
বনগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিলন জানান, রবিবার বিকালে আবুল খায়ের কাহাবের একটি মুরগি প্রতিপক্ষ ইছাক মিয়ার গরুর গোবরের স্তূপের ওপর আঁচরিয়ে খাদ্য খাচ্ছিল। এ নিয়ে বিকালে ও সন্ধ্যায় উভয় পক্ষের নারী পুরুষরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ইটের আঘাতে গুরুতর আহত হন কাহাব ও ধলু মিয়া। তাদের উদ্ধার করে প্রথমে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিত্সার জন্য ঢাকা নেওয়ার পথে রাত ১০টার দিকে কাহাবের মৃত্যু হয়।
কটিয়াদী থানার ওসি এস এম শাহাদত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
