ইত্তেফাক রিপোর্ট
বিমানবন্দর ও মুগদা থানার মান্ডা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতদের মধ্যে ২ নারী মাদক ব্যবসায়ী রয়েছে। গ্র্রেফতারকৃতরা হলেন, শাহরিয়ার পারভেজ, হাবিব, জাহাঙ্গীর, নেতাল পাল, মো. মাহবুব শেখ, ফারজানা আক্তার সোনিয়া ও মৌসুমি। র্যাব-১ এর উপ-অধিনায়ক (কোম্পানি কমান্ডার, সিপিসি-২) মেজর মোহাম্মদ রাকিবুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার থেকে বিমানে ইয়াবার একটি বড় চালান ঢাকায় আনা হচ্ছে। এরপর র্যাব সদস্যরা বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়ে বিমানের যাত্রী শাহরিয়ারকে চিহ্নিত করে আটক করে। এ সময় তার আরো তিন সহযোগীকে আটক করা হয়। পরে র্যাব সদস্যরা শাহরিয়ারের কোমরে বেল্টে বাঁধা অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা উদ্বার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসায়ী শাহরিয়ার র্যাবকে জানান যে, এর আগেও একাধিকবার তিনি কক্সবাজার থেকে ইয়াবার বড় বড় চালান ঢাকায় নিয়ে এসেছেন।
এদিকে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক জানান, শুক্রবার দুপুরে র্যাব -১০ এর একটি দল গোপনে অভিযান চালিয়ে মুগদা থানার মান্ডা এলাকা থেকে তিন মাদক বিক্রেতাকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা, ৫টি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৪ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকবিক্রির সঙ্গে জড়িত।
