বিশেষ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে এক হাজার শয্যাবিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবন নির্মাণের জন্য ফাউন্ডেশনসহ এর কংক্রিট ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া পিলারে কংক্রিট ঢেলে নির্মাণ কার্যক্রমের সূচনা করেন। ১৩ তলাবিশিষ্ট এ হাসপাতালের আয়তন প্রায় ৫০ হাজার স্কয়ার মিটার। গত বছরের জুলাই থেকে ৩০ মাসের মধ্যে এই নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন প্রকল্পের পরিচালক অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, ঠিকাদার প্রতিষ্ঠান হুন্দাই ডেভেলপমেন্ট কোম্পানির ম্যানেজার ডে ইয়ং লি, পরামর্শক প্রতিষ্ঠান সানজিনের পরামর্শক জাংগ হো বিন, প্রকল্পের উপ-পরিচালক সহকারী অধ্যাপক ডা. মো. নূর-ই এলাহী প্রমুখ।
অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, এ হাসপাতাল ভবনের প্রথম ফেজে থাকবে স্পেশালাইজড অটিজম সেন্টারসহ ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সেন্টার, ইমার্জেন্সি মেডিক্যাল কেয়ার সেন্টারসহ অন্যান্য সেন্টার। দ্বিতীয় ফেজে থাকবে জেনারেল সার্জারি, অফথালমোলজি/ ডেন্টিস্ট্রি/ ডার্মাটোলজি সেন্টারসহ অন্যান্য সেন্টার। রোগ নির্ণয়ের সর্বাধুনিক সুবিধাসহ থাকবে লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট সুবিধা।
