যুক্তরাষ্ট্রে সাবেক সেনার গুলিতে চার জন নিহত হয়েছে। নিহতের মধ্যে এক নারী ও তার তিন মাস বয়সি শিশু সন্তান রয়েছে। আহত হয়েছে আরো কয়েক জন। গুলির পর ঐ সেনা পুলিশের কাছে আত্মসমর্পণ করে। খবর আলজাজিরার
ফ্লোরিডার পোক কাউন্টির শেরিফ গ্র্যাডি জাড স্থানীয় সময় রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজন হামলাকারীর নাম ব্রায়ান রিলে (৩৩)। ১১ বছর বয়সি এক মেয়ের শরীরে সাতটি গুলি লেগেছে। হতাহতদের সঙ্গে রিলের কোনো সম্পর্ক ছিল না। পুলিশের গুলিতে সে আহত হয়। তাকে হাসপাতালে চিকিত্সা দেওয়ার সময় সে পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। জাড বলেন, তার বান্ধবী জানিয়েছেন, রিলে গত কিছুদিন ধরে হতাশায় ভুগছিল। সে মানসিকভাবে অসুস্থ। সম্প্রতি সে ঈশ্বরের সঙ্গে কথা বলছিল। একপর্যায়ে হামলাকারী গোয়েন্দাদের জানায়, ‘তারা আমার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল এবং তাদেরকে যে কোনোভাবেই হোক হত্যা করেছি।’ রিলে শনিবার রাতে গুলি চালায়। কিন্তু পুলিশের বাধায় সে চলে যায়। এরপর রবিবার সকালে আবার এসে এলোপাথাড়ি গুলি চালায়। এই সময় তার গুলিতে ৪০ বছর বয়সি এক পুরুষ, ৩৩ বছর বয়সি এক মা ও তার ছোট্ট শিশু নিহত হয়। এরপর সে আবার গুলি চালালে ৬২ বছর বয়সি এক নারী নিহত হয়।
