অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপি টিভি ও নিউজ-সংক্রান্ত ফেসবুক পেজ বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিষয়ে নীতিমালা কেন করা হবে না—তাও জানতে চেয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের আইজি, র?্যাবের মহাপরিচালক, বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনটি দায়ের করেন সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম। আবেদনের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন আইনজীবী সৈয়দা রাফিকা খাতুন। তিনি জানান, অনিবন্ধিত এসব নিউজ পোর্টাল, আইপি টিভি ও নিউজ-সংক্রান্ত ফেসবুক পেজে এমন সব খবর ছড়ায় যার কোনো অস্তিত্ব নেই। এসব ভুয়া খবরে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। আর বিদেশে ভাবমূর্তি নষ্ট হয় দেশের।
