অবৈধ আগ্নেয়াস্ত্র আমদানি রোধ করতে হবে —জি এম কাদের

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০০:২২

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অবৈধ আগ্নেয়াস্ত্র আমদানি রোধ করতে না পারলে দেশ জঙ্গিরাষ্ট্রে পরিণত হবে। জাতির ভবিষ্যত্ ভয়াবহ হয়ে উঠবে। চরম অবনতি ঘটবে আইনশৃঙ্খলা পরিস্থিতির। তাই অবৈধ অস্ত্রের চালান রোধের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারেও সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে—সম্প্রতি যশোরের এক ছাত্রনেতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। গোয়েন্দা সংস্থার কাছে তার স্বীকারোক্তি অনুযায়ী গেল কয়েক বছরে তিনি একাই সারা দেশে দুই শতাধিক আগ্নেয়াস্ত্র বিক্রি করেছেন। তিনি বলেছেন—পার্শ্ববর্তী একটি দেশের সীমান্ত দিয়ে অভিনব কায়দায় অস্ত্র কীভাবে বাংলাদেশে এনেছেন। গোয়েন্দা সংস্থার কাছে আরো বলেছেন—অস্ত্র চোরাচালান সিন্ডিকেট বাংলাদেশে কীভাবে অস্ত্র সরবরাহ করে। এর চেয়ে ভয়াবহ খবর আর হতে পারে না।