ইত্তেফাক রিপোর্টার
সাভারে স্ত্রী ও শাশুড়ি অপমান করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। বৃহস্পতিবার বিকেলে রবিউল আলম (২১) নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রবিউল আলম জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র।
তিনি পরিবারের সঙ্গে সাভার পৌরসভার বাজার রোড এলাকায় বসবাস করে পড়াশোনার পাশাপাশি টিউশনির মাধ্যমে সংসারে আর্থিক সহায়তা করতেন। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর গত ১৬ ডিসেম্বর সাভারের উত্তরপাড়া মহল্লার স্থানীয় বাসিন্দা খোকন মিয়ার মেয়ে ইতি আক্তারকে বিয়ে করেন।
রবিউলের আত্মীয় স্বজনরা অভিযোগ করেন, ইতির পরিবার আর্থিকভাবে সচ্ছল হলেও রবিউলের পারিবারিক অবস্থা ভালো ছিল না। বিয়ের পর রবিউল আরও বেশি আর্থিক সমস্যায় পড়ে যান। ভাড়া বাসায় বসবাস করা রবিউল চলতি মাসের ভাড়া পরিশোধ করতে পারছিলেন না। উপায়ন্তর না দেখে শ্বশুরবাড়ি থেকে উপহার হিসেবে পাওয়া একটি আংটি বন্ধক রেখে ঘর ভাড়া পরিশোধ করেন রবিউল। এতে ক্ষিপ্ত হয়ে রবিউলের স্ত্রী ইতি ও শাশুড়ি বৃহস্পতিবার সকালে রবিউলকে দারিদ্র্যতার জন্য উপহাস করে। অপমানিত হয়ে বিকালে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রবিউল।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, বিষয়টি দুঃখজনক। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলেই তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
