শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের ঘোষিত জরুরি অবস্থার অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) এটির অনুমোদন দেন আইনপ্রণেতারা। খবর প্রকাশ করেছে খালিজ টাইমস ও আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিরোধীদলীয় আইনপ্রণেতারা জরুরি অবস্থার বিরোধীতা করে বলেছেন, এটির প্রয়োজন নেই। কারণ, অন্যান্য আইনগুলো প্রয়োজনীয় সরবরাহ বজায় রাখার জন্য ব্যবহার করা যেতে পারে। তাছাড়া সমালোচকদের দমনে কঠোর জরুরি বিধিগুলোর অপব্যবহার হওয়ার সম্ভাবনা রয়েছে।
জরুরি আইনের অধীনে, কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্তকে আটক করতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে সম্পত্তি বাজেয়াপ্ত করা, বাড়িতে প্রবেশ ও প্রাঙ্গনে তল্লাশি করা, আইন স্থগিত করা এবং আদালতে প্রশ্ন করা যাবে না, এমন আদেশ জারি করতে সক্ষম করে। এই ধরনের আদেশ জারি করা কর্মকর্তারা মামলা থেকে মুক্ত থাকবেন।
এর আগে গত ৩০ আগস্ট জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। তিনি বলেছিলেন, খাদ্য সংকটের মধ্যে খাবারের দাম নিয়ন্ত্রণ এবং মজুদ রোধ করা প্রয়োজন।
নিয়ম অনুযায়ী, ঘোষণার ১৪ দিনের মধ্যে পার্লামেন্টে জরুরি অবস্থার অনুমোদন প্রয়োজন। যেখানে ২২৫ সিটের মধ্যে ১৫০- এর অধিক আইনপ্রণেতা সরকারি দলের। সোমবার জরুরি অবস্থার পক্ষে ভোট পড়েছে ১৩২ এবং বিপক্ষে ৫১টি।
ইত্তেফাক/টিএ

