সুন্দরবনে জেলেদের জন্য ভাসমান হাসপাতাল হবে:হাবিবুন নাহার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২০

বাগেরহাট প্রতিনিধি

জলবায়ু ফান্ডের প্রকল্প গ্রহণে সুন্দরবন অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হবে। এনজিওদের সহযোগিতায় দুবলার শুঁটকি পল্লীর জেলেদের জন্য ভাসমান হাসপাতাল হবে। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সাইক্লোন শেল্টার নির্মাণের বিষয়টি সরকার সক্রিয় বিবেচনা করছে। এজন্য মন্ত্রণালয়ের বিশেজ্ঞ টিম সুন্দরবন এলাকা পরিদর্শন করবে। সুন্দরবনের জীব-বৈচিত্র রক্ষায় বনজীবী-মত্স্যজীবী-জেলে-বাওয়ালি-মৌয়ালি সবাইকে আন্তরিক হতে হবে।

শুক্রবার বিকালে সুন্দরবনের দুবলার আলোরকোল সুন্দরবন রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুবলা ফিশারম্যান গ্রুপ, পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ আয়োজিত জেলে সমাবেশে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের বনসংরক্ষক আমীর হোসাইন চৌধুরী, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, ডিএফও মাহমুদুল হাসান, দুবলা ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, বাগেরহাট জেলা পরিষদ সদস্য সেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক মোঃ ইব্রাহিম হোসেন, মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল, পরিবেশ অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক, ফ্রেন্ডশিপ হাসপাতালের স্বাস্থ্য বিভাগের টিম লিডার ডা. মোঃ রেজাউল করিম প্রমুখ।