সাভারে বাস চাপায় সাবেক সেনা কর্মকর্তার মৃত্যু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৩

ইত্তেফাক রিপোর্ট

সাভার উপজেলার নবীনগর বাসস্ট্যান্ডে দূরপাল্লার যাত্রীবাহী বাসচাপায় এক সাবেক সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহতের নাম আলী আশরাফ (৬৮)। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।

নিহত আলী আশরাফ বরিশাল জেলার মুলাদি থানার বালিবন্ধন গ্রামের মৃত জনাব আলী সিকদারের ছেলে। তিনি ১৯৯৭ সালে নবম পদাতিক ডিভিশনের আর্টিলারি কোরে সিনিয়র ওয়ারেন্ট অফিসারের দায়িত্বকালীন থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি নবীনগরের কুরগাঁও এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জামিনুর রহমান বলেন, সকালে গাবতলী থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় আলী আশরাফকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে।