বরিশালে বিএনপি’র বিক্ষোভ, ছাত্রদল নেত্রী গ্রেফতার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৩

বরিশাল অফিস

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর দলটি। গতকাল শনিবার বেলা ১১টায় বরিশালের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মহানগর বিএনপি সহ সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এখানে বক্তরা বলেন, একাদশ জাতীয় সংসদের যে নির্বাচন হয়েছে তা পুরোটাই ছিল প্রহসনমূলক। এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার বেশি দিন টিকতে পারবে না। শিগিরই মধ্যবর্তী নির্বাচন হবে দেশে। আর খালেদা জিয়ার অপরাধ তিনি দেশের মানুষের ভোটের অধিকার কায়েম করতে চেয়েছিলেন। বক্তৃতা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যরা।

এদিকে বিক্ষোভ সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় ছাত্রদল সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর সিনিয়র ছাত্রদল সহ-সভাপতি আফরোজা খানম নাসরিনকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, ২০১৭ সালের ৩১  জানুয়ারি ঢাকার শাহবাগ থানায় দায়েরকৃর্ত মামলায় নাসরিনকে গ্রেফতার করা হয়েছে।