শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণায় পরিচ্ছন্নতার ধুম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১৭

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর খুলতে যাচ্ছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এই ঘোষণা আসার পর থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কারপরিচ্ছন্নতার ধুম পড়ে গেছে। নিজ নিজ স্কুল ড্রেস তৈরি করতে এলাকার দর্জি দোকানগুলোতেও পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়।

রায়গঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল করিম তালুকদার জানান, বিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে শিক্ষামন্ত্রীর বক্তব্যের পরই প্রস্তুতি নিতে শুরু করেছি। সর্বোচ্চ দুই-তিন দিন সময় লাগবে বিদ্যালয়ের আঙিনা, ক্লাসরুমসহ সবকিছু পরিষ্কারপরিচ্ছন্ন করতে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল আলম বলেন, গত ৪ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত নিয়ম জানামাত্রই উপজেলার মোট ২৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পরিষ্কারপরিচ্ছন্নতার মাধ্যমে শ্রেণিকক্ষে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ব্যাপারে অবহিত করা হয়।