বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৫

ইত্তেফাক ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠন প্রতিবাদ সভার আয়োজন করে। ইত্তেফাক প্রতিনিধিদের পাঠানো খবর।

রংপুর: নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে জেলার দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

সুনামগঞ্জ: পৌর শহরের পুরাতন বাসস্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশ করতে চাইলে মিছিলটি একটু সামনে এগোতেই পুলিশ মিছিলটি থামিয়ে দেয়। পরে সেখানেই তারা বিক্ষোভ সমাবেশ করে।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া: শহরের মৌড়াইলে জেলা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারওয়ার ভূইয়া খোকন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জু প্রমুখ।

জামালপুর: জামালপুর শহরের স্টেশন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বিপ্লব, ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল প্রমুখ।