নির্বাচনি প্রচারণার সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। ওন্টারিওতে এ ঘটনা ঘটে। সোমবার কানাডার গ্লোবাল নিউজ এ খবর প্রকাশ করে।
ট্রুডো ঘটনাস্থল ত্যাগ করার সময় বিক্ষোভকারীরা তাকে ঘিরে ফেলে এবং ছোট ছোট পাথর নিক্ষেপ করা শুরু করে। তারা ট্রুডোর উদ্দেশে ৭অপমানজনক কথাও বলেন। এক পর্যায়ে ট্রুডোকে নিরাপত্তা দিতে এগিয়ে আসে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তারা হাতে হাত ধরে দাঁড়ান যেন ট্রুডোর শরীরে পাথর না লাগে। পরে তিনি বাসে করে চলে যান। ঐ ঘটনার পর ট্রুডো জানিয়েছেন, ‘তার শরীরে হয়তো পাথরের আঘাত লেগেছে।’
বিষয়টি নিশ্চিত কি না, সে সম্পর্কে মজা করে তিনি বলেন, ‘কয়েক বছর আগে আমার জীবনে এমন কেউ ছিল যে আমাকে লক্ষ্য করে কুমড়ার বীজ ছুড়তো।’ গত মাসে কানাডা সরকার এক ঘোষণায় জানায় যে, সব সরকারি কর্মকর্তাকে আগামী অক্টোবরের শেষ নাগাদ ভ্যাকসিন নিতে হবে। যদি তারা ভ্যাকসিন না নেন তবে তাদের চাকরিও হারাতে হতে পারে। এর পরেই ভ্যাকসিন বিরোধীরা ফুঁসে উঠতে থাকে। এ কারণে ঐদিন তাদের রোষানলে পড়েন ট্রুডো। দেশটিতে ভ্যাকসিন বাধ্যতামূলক করার বিষয়ে ট্রুডো যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা আগামী ২০ সেপ্টেম্বরের নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
