কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
কসবা মেহারী ওবায়দিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে যান্ত্রিক উপায়ে নকল সরবরাহে সহযোগিতার দায়ে শনিবার তিন মাদ্রাসা শিক্ষক ও এক ফটোস্ট্যাট দোকানীকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ওইদিন মেহারী ওবায়দিয়া ফাজিল মাদ্রাসায় ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদ্রাসা সংলগ্ন একটি ফটোস্ট্যাট দোকানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ফটোকপি দোকানদার মহসিন রিফাতকে আটক করে তার ফটোস্ট্যাট মেশিন থেকে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরের কম্পোজ কপি উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আটক ফটোকপি ব্যবসায়ীর স্বীকারোক্তি অনুযায়ী এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহারী ওবায়দিয়া ফাজিল মাদ্রাসার কম্পিউটার ইন্সট্রাক্টর আবদুল কাইয়ুম, একই মাদ্রাসার শিক্ষক নুরুল আমিন ও পার্শ্ববর্তী আছমাতুন্নেছা মহিলা মাদ্রাসার শিক্ষক মো. হাফিজুল ইসলামকে আটক করেন।
