দ্বিরাষ্ট্রিক সমাধান মেনে নেওয়ার আহ্বান ফিলিস্তিনের
এএফপি ও সিনহুয়া
ইসরাইল গত সোমবার রাতে গাজায় বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকা থেকে আগ্নেয় বোমা হামলার পর পালটা জবাব দিতে সেখানে এই বিমান হামলা চালানো হয়। ইসরাইলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। এদিকে দ্বিরাষ্ট্রিক সমাধানের বাস্তবতা মেনে শান্তি কর্মসূচি উপস্থাপনের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন।
আগ্নেয় বোমা হামলার জন্য হামাসকে দায়ী করে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করা এই জঙ্গি গ্রুপের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘রাতে আইডিএফ যুদ্ধবিমান ব্যবহার করে হামাসের রকেট তৈরির একটি কারখানায় এবং খান ইউনিসে হামাসের একটি সামরিক কম্পাউন্ডে হামলা চালানো হয়েছে।’ প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি সেনাবাহিনী গাজার উত্তরে কামান হামলাও চালিয়েছে। ফিলিস্তিন হাসপাতাল সূত্র জানায়, এই হামলায় কোনো প্রাণহানি ঘটেনি। দিনের প্রথম ভাগে ইসরাইলি সেনারা জানায়, আগ্নেয় বেলুন হামলায় গাজা উপত্যকার নিকটবর্তী তিনটি জঙ্গলে আগুন ধরে যায়।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মাদ ইশতায়ি ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ‘দ্বিরাষ্ট্র সমাধানের’ বাস্তবতা মেনে নিয়ে ফিলিস্তিনি জনগণের ব্যাপারে একটি শান্তি কর্মসূচি উপস্থাপনে ইসরাইলের সরকারের প্রতি সোমবার আহ্বান জানিয়েছেন। সংবাদ বিবৃতি অনুযায়ী, ইশতায়ি ফিলিস্তিনি মন্ত্রিপরিষদকে বলেন, সংঘাত বন্ধে ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের প্রস্তাবিত পরিকল্পনা আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে ধুলা দেওয়া ছাড়া আর কিছু নয়। ইশতায়ি বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস, যুক্তরাষ্ট্র বা ইউরোপ বেনেতের পরিকল্পনা মেনে নেবে না।’ এ ব্যাপারে তিনি আরো বলেন, ফিলিস্তিনি ভূমি হ্রাসের এবং ফিলিস্তিনে ইসরাইল ভোগদখলের পূর্বাবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সংঘাত হ্রাস করা হচ্ছে একটি পরিকল্পনা।
কনফারেন্স অব প্রেসিডেন্ট অব মেজর আমেরিকান জুয়িশ অর্গানাইজেশনের নেতাদের সঙ্গে অফ-রেকর্ড জুম কলে শুক্রবার বেনেতের পরিকল্পনা প্রকাশ করা হয় বলে ইশতায়ি উল্লেখ করেন। বেনেতের বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘ফিলিস্তিনের সঙ্গে উত্তেজনা হ্রাসে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও সেখানে রাজনৈতিক ব্যাপক অগ্রগতি অর্জিত হচ্ছে না’ এবং ‘সবাই মনে করছে যে নিকট ভবিষ্যতে ইসরাইলের সঙ্গে আমরা রাজনৈতিক বড় ধরনের অগ্রগতি আশা করতে পারছি না।’ ইশতায়ি মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে বলেন, ‘ফিলিস্থিনের সঙ্গে উত্তেজনা হ্রাস পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপন বন্ধের এবং ইসরাইলি দখলদারিত্ব অবসানের সময়সীমা বেঁধে দেওয়ার মাধ্যমে হতে পারে।
