৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউজের একজন রাজস্ব কর্মকর্তা ও সাত জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক উপ-পরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি টিম সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন।
গতকাল যাদের জিজ্ঞাসাবাদ করা হলো তারা হলেন—রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুন নাহার জনি, মির্জা সাইদ হাসান ফরমান, মো. মাহমুদুল হাসান মুন্সী, মো. মাহবুবার রহমান, মো. ওমর ফারুক, মো. সাইফুল ইসলাম ও মাহমুদা আক্তার লিপি।
দুদক সূত্র জানায়, চট্টগ্রাম কাস্টমস হাউজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বদলি করা দুই কর্মকর্তার আইডি ব্যবহার করে সাত জন সিঅ্যান্ডএফের সহযোগিতায় চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য খালাস করে ৮৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে সরকারি অর্থ আত্মসাত্ করার অভিযোগ রয়েছে।
