জনপ্রিয় অভিনেত্রী, নাট্যকার ও পরিচালক নাজনীন হাসান চুমকি নব্বই দশকে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন। পরবর্তী সময়ে টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয় করে লাভ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে একটি নাটকে অভিনয় করেছেন।
আনন্দ বিনোদন প্রতিবেদক
ভার্সেটাইল চরিত্রে অনবদ্য অভিনয় করা অভিনেত্রী নাজনীন হাসান চুমকিকে এবার গৌরী রূপে দেখতে পাবেন দর্শক। নাটকের নাম ‘গৌরী’। এর গল্পভাবনা সোহাগ আহমেদের এবং রচনা করেছেন স্বাধীন শাহ। নাটকটি নির্মাণ করেছেন বর্ণনাথ। এরইমধ্যে নাজনীন চুমকি নাটকটির দৃশ্যধারণে অংশ নিয়েছেন। নাটকে গৌরী চরিত্রে অভিনয় প্রসঙ্গে নাজনীন চুমকি বলেন, ‘বাংলাদেশের নারীদের একা জীবনযাপনের যে চলনটা এবং সেই জীবনযাপনে পুরুষের যে দৃষ্টিভঙ্গি তাই প্রতিপাদ্য হিসেবে বিবেচিত হয়েছে গৌরী নাটকে। নির্মাতা চেষ্টা করেছেন যথাযথভাবে নাটকটি নির্মাণ করতে। আমরা যারা এতে কাজ করেছি, অনেক শ্রম দিয়ে চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি দর্শকের ভালো লাগবে।’
জানা গেছে, আগামী দূর্গা পূজায় নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের অপেক্ষায় নির্মাণ চলতি নতুন ধারাবাহিক ‘পথের ধারাপাত’ নাটকেও অভিনয় করছেন তিনি। এটি নির্মাণ করছেন মান্নান শফিক। চুমকি জানান, এই ধারাবাহিকটি শিগগিরই প্রচারে আসবে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নাজনীন চুমকি ১৯৯৬ সাল থেকে দেশ নাটক’র হয়ে মঞ্চে অভিনয় করছেন। তাকে দর্শক মঞ্চে দেখে মুগ্ধ হয়েছেন ‘নিত্যপুরাণ’, ‘বিরসাকাব্য’, ‘লোহা’, ‘জলবাসর’ নাটকে। চুমকি পরিচালিত প্রথম নাটক ‘যে জীবন দোয়েলের ফড়িং-এর’। সর্বশেষ পরিচালিত নাটক ‘পিউ একটি পাখির জীবন’। তার অভিনীত প্রথম সিনেমা তানভীর মোকাম্মেলের ‘লালন’। পরবর্তী সময়ে তিনি কাজী মোরশেদের ‘ঘানি’ সিনেমায় অভিনয় করেন। এই সিনেমাতে অভিনয় করেই তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
