আনন্দ বিনোদন প্রতিবেদক
জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শো’তে দেখা যাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শীকে। তবে এই আয়োজনে প্রতিযোগী নন তিনি। এবার দেখা মিলবে বিচারক পড়শীকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শো’র বিচারকের আসতে বসতে যাচ্ছেন তিনি। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই গায়িকা। কারণ পড়শীর ক্যারিয়ারও শুরু হয়েছিল একটি বেসরকারি টিভি চ্যানেলের রিয়েলিটি শো’র মাধ্যমে। সেটাও এক যুগ আগের কথা। এবার এক যুগ পর রিয়েলিটি শো’তে আবারও দেখা যাবে এই গায়িকাকে।
এ সম্পর্কে পড়শী বলেন, ‘আমি নিজেও একটি রিয়েলিটি শো থেকে উঠে এসেছি। আমি তখন মঞ্চে থেকে গান গেয়েছি। এবার বিচারকের আসনে বসে প্রতিযোগিদের গান শুনব। একজন প্রতিযোগি যখন স্টেজে গান করতে আসেন তখন তার গানের সঙ্গে স্বপ্ন, ভয়সহ অনেক কিছু মাথায় কাজ করে। সেই অভিজ্ঞতা আমিও পার করে এসেছি। তাই আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে প্রতিযোগিদের তুলে আনার। আমাকে একদিন কুমার বিশ্বজিত্ স্যার বলেছিলেন ‘তুইও একদিন বিচারক হবি’। এখন স্যারের কথা সত্যি হতে যাচ্ছে। এতে আমি অনেক আনন্দিত। আশা করি, আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে ভালো কিছু শিল্পীকে উঠিয়ে আনতে পারব। আমাকে এত বড় একটি আয়োজনে যুক্ত করার জন্য আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান এবং অনুষ্ঠান প্রধান দেওয়ান শাসমুর রকিব ভাইকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’ সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো’র রেজিষ্ট্রেশন শুরু হবে ১০ সেপ্টেম্বর। অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়স হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে। রেজিষ্ট্রেশনের জন্য যে কোনো একটি বাংলা গান খালি গলায় অথবা যে কোনো একটি বাদ্যযন্ত্রের মাধ্যমে গান গেয়ে মোবাইলে ভিডিও ধারন করে আরটিভি প্লাস অ্যাপ ইনস্টল করে ‘রেজিষ্ট্রেশন নাও’ বাটনে ক্লিক করে যথাযথ তথ্য পূরণের মাধ্যমে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে।
