আনন্দ বিনোদন প্রতিবেদক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শর্মীমালা এখন ধারাবাহিকে অভিনয়েই ব্যস্ত। বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহা-পরিচালক হারুন অর রশীদের নাট্যভাবনায় কিংবদন্তি অভিনেতা, নাট্যনির্দেশক মামুনুর রশীদের রচনায় ‘জিন্দাবাহার’ নামক নতুন ধারাবাহিকে অভিনয় করছেন শর্মীমালা। এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্র ‘বিলকিস’ চরিত্রে অভিনয় করছেন তিনি। এরইমধ্যে বেশ কয়েকদিন এই ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় নির্মিত এই নাটকটি এখনো প্রচার শুরু হয়নি। নাটকটি নির্মাণ করছেন ফজলে আজিম। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শর্মীমালা বলেন, ‘জিন্দাবাহার নাটকে আমি আহমেদ রুবেল ভাইয়ের বিপরীতে অভিনয় করছি। তিনি আমার স্বামী। কিন্তু একসময় তিনি বাইজির প্রেমে পড়ে তাকে বিয়ে করে নিয়ে আসেন। এই নিয়ে শুরু হয় নানান দ্বন্দ্ব। এগিয়ে যায় নাটকের গল্প। জুয়েল ভাই ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করছেন। আমি শুধু এতটুকুই বলতে চাই যে বিটিভির নাটক হলেও এই নাটকের আয়োজন অন্যান্য অনেক নাটকের চেয়ে অনেক বেশি। অনেক যত্নে নির্মাণ করা হচ্ছে নাটকটি। যে কারণে নাটকটিতে কাজ করে আমি ভীষণ আনন্দিত। আমি খুব আশাবাদী এই নাটকটি নিয়ে।’ এদিকে শর্মীমালা জানান, এরইমধ্যে তিনি শেষ করেছেন বিটিভিতে প্রচারিত আফসানা মিমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘শায়ানকাল’র কাজ। শর্মীমালা ‘প্রাচ্যনাট’-এ অভিনয়ের ছয় মাসের কোর্স করেছিলেন। তার অভিনীত প্রথম নাটক ছিল আজিজুর রহমান মুকুলের ডকুড্রামা ‘বকুল ফুল’। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক গোলাম সোহরাব দোদুলের ‘সাতকাহন’। গৌতম ঘোষের ‘মনের মানুষ’ শর্মীমালা অভিনীত প্রথম সিনেমা। ‘মৃত্তিকা মায়া’য় অভিনয় করে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার স্বামী রাজীব সালেহীনও একজন অভিনেতা।
