মিয়ানমারে বিরোধীদের বিদ্রোহের ডাকে শঙ্কায় আন্তর্জাতিক মহল

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৪১

রয়টার্স

মিয়ানমারের সামরিক শাসনের বিরোধীদের নিয়ে গঠিত ছায়া সরকার দেশটির সামরিক জান্তার বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর সহিংসতা এড়ানোর অনুরোধ এসেছে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে।  দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশটির সব পক্ষের প্রতি সহিংসতা এড়িয়ে চলতে এবং মানবিক ত্রাণ-সাহায্য প্রবেশের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছে দক্ষিণপূর্ব এশিয়া ও পশ্চিমা অনেক দেশ।

মঙ্গলবার জান্তাবিরোধী ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) জানায়, তারা ‘জনতার প্রতিরোধ যুদ্ধের’ সূচনা করেছে। এর মাধ্যমে তারা মূলত সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সমন্বয় করার প্রচেষ্টার ইঙ্গিত দেওয়ার পাশাপাশি নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের পক্ষ বদলের আহ্বান জানিয়েছে বলে মনে করা হচ্ছে। সামরিক বাহিনীর এক মুখপাত্র এনইউজির এ ডাককে উড়িয়ে দিয়ে বলেছেন, এটি বিশ্ববাসীর মনোযোগের আকর্ষণের চাল। তাদের বিদ্রোহ সফলতার মুখ দেখবে না বলেও তিনি মন্তব্য করেছেন। এনইউজির বিদ্রোহের ডাকের পর বুধবার তাত্ক্ষণিকভাবে দেশটিতে সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকু ফাইজাসিয়াহ বলেছেন, সব পক্ষকেই মিয়ানমারের জনগণের নিরাপত্তা ও ভালো থাকাকে অগ্রাধিকার দিতে হবে।’  পরিস্থিতি নিরাপদ মনে হলেই কেবল মানবিক ত্রাণসাহায্য সরবরাহ করা যাবে বলেও উল্লেখ করেছেন তিনি। ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী অং সান সু চির নির্বাচিত সরকারকে উত্খাত করে ক্ষমতা দখল করে নিলে মিয়ানমারে যে সংকটের সূচনা হয়, তার সমাধানে যে প্রতিবেশী দেশগুলো এগিয়ে এসেছিল, ইন্দোনেশিয়া তাদের নেতৃত্ব দিচ্ছে।