সারাদেশে আড়াই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়েছে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৭

ইত্তেফাক রিপোর্ট

সারাদেশের প্রায় আড়াই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রে এবং ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হয়। গতকাল শনিবার সকালে ঢাকা শিশু হাসপাতালে বেলুন উড়িয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

পরে তিনি স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত শিশু হাসপাতালের অডিটোরিয়ামে এই ক্যাম্পেইন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় মন্ত্রী বলেন, এবার দেশীয় প্রতিষ্ঠানের ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের খাওয়ানো হয়েছে। যে ভিটামিন খাওয়ানো হয়েছে তা সম্পূর্ণ নিরাপদ। তিনি বলেন, সারাদেশে প্রায় আড়াই কোটি শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

গত ১৯ জানুয়ারি ছিল ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের নির্ধারিত দিন। কিন্তু শেষ মুহূর্তে আমদানিকৃত ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুণগতমান নিয়ে প্রশ্ন ওঠায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষ ক্যাম্পেইন স্থগিত করে। ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৫ লাখ ৪৭ হাজার শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ১ কোটি ৯৫ লাখ সাত হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এছাড়াও ভ্রাম্যমাণ ২০ হাজার কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এছাড়াও দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত ১২টি জেলার ৪৬টি উপজেলার ২৪০টি ইউনিয়নে ক্যাম্পেইন পরবর্তী ৪ দিন (আজ থেকে ১৩ই ফেব্রুয়ারি) বাড়ি বাড়ি গিয়ে শিশুদের সার্চিং কার্যক্রম পরিচালনা করে বাদ পড়া শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজ এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. শফী আহমেদ প্রমুখ।