কলসিন্দুরের খুদে ফুটবলারদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ
ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা ধোবাউড়ার কলসিন্দুরের খুদে ফুটবলার মেয়েদের মধ্যে বুধবার খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান এসব সামগ্রী বিতরণ করেন। কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের খুদে ফুটবলকন্যারা এবং তাদের কোচ জুয়েল মিয়া খেলার সামগ্রী গ্রহণ করেন। সামগ্রীর মধ্যে ছিল ২৮ জোড়া জার্সি, ২০টি বল, ২৮ জোড়া বুট এবং সিনকাট। কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজ থেকে সানজিদা মারিয়াসহ ১২ জন খেলোয়ার জাতীয় নারী ফুটবলের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলছে। ইতিমধ্যে কলসিন্দুরের ছয় জন খেলোয়ার জাতীয় নারী ফুটবলদলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে নেপাল গিয়েছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম জানান, কলসিন্দুরের মেয়েদের ফুটবলের ঐতিহ্য ধরে রাখতে সহযোগিতা অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আলোচনাসভা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন সভাপতিত্ব করেন।
তামাক নিয়ন্ত্রণ আইনবিষয়ক প্রশিক্ষণ
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোটে বুধবার তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এ প্রশিক্ষণ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল এতে সভাপতিত্ব করেন।
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ প্রদান
ভোলা প্রতিনিধি ভোলার রাজাপুর ইউনিয়নে নদীভাঙন কবলিত এলাকায় ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বুধবার নগদ অর্থ প্রদান করা হয়েছে। ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষে ৭ হাজার ৫০০ টাকা করে চেক বিরতণ করেন ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
গাছের চারা হাতে নিয়ে দুর্নীতিবিরোধী শপথ
নাটোর প্রতিনিধি নাটোরে বুধবার গাছের চারা হাতে নিয়ে দুর্নীতিবিরোধী শপথ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ নাটোর জেলা শাখার আয়োজনে এ সময় মাদক ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন এবং শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীরা এ সময় গাছের চারা হাতে নিয়ে মাদক, ধর্ষণ ও দুর্নীতিবিরোধী শপথ নেয়। শহরের ঝাউতলার এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ পাঠ করান লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক বিতরণ
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বুধবার মাস্ক বিতরণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে এ মাস্ক বিতরণ করা হয়। বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী।
দেশীয় মাছ ও শামুক সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা
বামনা (বরগুনা) সংবাদদাতা বামনায় বুধবার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ও শামুক সংরক্ষণে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মত্স্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার।
.
