যশোরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৯

যশোর অফিস

যশোরে পূর্ব বিরোধের জের ধরে মামুন হোসেন নামে এক যুবককে কুপিয়ে ও বোমা হামলা করে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকায় হামলা করে প্রতিপক্ষের লোকজন। এসময় আরিফ হোসেন নামে আরো এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। নিহত মামুন শহরের ঘোপ সেন্ট্রাল রোডের রবিউল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুর রউফের ছেলে। তিনি একটি মোবাইল ফোনের দোকানদার। আর আহত আরিফ হোসেন ঘোপ বাবলাতলা এলাকার বজলু খলিফার ছেলে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, মামুন সন্ধ্যায় শেখহাটি জামরুলতলা এলাকার রাসেলের চায়ের দোকানে বসেছিলেন। এসময় তার উপর হামলা করা হয়। তাকে কুপিয়ে ও বোমা হামলা করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাত্ক্ষণিক জানতে পারেনি পুলিশ। তবে একটি মেয়ে সংক্রান্ত ঘটনায় স্থানীয় একটি গ্রুপের সাথে তাদের বিরোধ ছিল। সেই ঘটনার জের নাকি অন্য কোনো ঘটনার সূত্র ধরে হত্যাকাণ্ড হয়েছে সেটা জানতে তদন্ত করে দেখা হচ্ছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিত্সক বজলুর রশিদ টুলু জানিয়েছেন, মামুনের শরীরের বিভিন্ন স্থানে কোপানো ও বোমা হামলার চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। যশোর জেলা ছাত্রলীগ সভাপতি রওশন ইকবাল শাহী জানান, নিহত মামুন ছাত্রলীগ কর্মী ছিল। কারা কী কারণে তার উপরে হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তিনি।