টাকার অভাবে মেয়ের চিকিৎসা করাতে পারছেন না দিনমজুর বাবা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:১৯

ঘরে নুন আনতে পান্তা ফুরায়। এমনভাবে দিন কাটছিলো নীলফামারী জেলার লক্ষীচাপ ইউনিয়নের বাসিন্দা লালু রাম রায়ের। এরমধ্যে অসুস্থ মেয়েকে বিপাকে পড়েছেন তিনি। একমাত্র মেয়ে সান্ত্বনা রায়কে (১২ বছর) বাঁচাতে ধার দেনা ও বসতভিটা বিক্রি করে গত এক বছর যাবৎ মেয়ের চিকিৎসা চালাচ্ছেন লালু রাম।

লালু রামের ঘরে দুই সন্তান। স্ত্রী গৃহিণী। তিনি অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন।

লালু রাম জানান, দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছে তার মেয়ে। অসুস্থ মেয়েকে প্রতিদিন অক্সিজেন দেওয়া লাগে। নিঃশ্বাস নিতে পারেনা, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। অক্সিজেন দেওয়ার জন্য প্রতিদিন বাড়ি থেকে চার কিলোমিটার এবং মাঝখানে একটি নদী পাড় হয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়।


 
ইতোমধ্যে নীলফামারী ও রংপুরের বিভিন্ন চিকিৎসকের কাছে মেয়ের চিকিৎসা করিয়েছেন লালু রাম। তবে মেয়েকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেছেন চিকিৎসকেরা। মেয়ের চিকিৎসা, বিভিন্ন টেস্ট যাতায়াত খরচ বাবদ লক্ষাধিক টাকা দরকার। এমতাবস্থায় লালু রাম ছোট মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লক্ষীচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান। তিনি বলেন, ওই মেয়ের বাবা আমার কাছেও এসেছিলো। আমাদের সাধ্যমতো সহায়তা করেছি। মেয়েটার জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

অর্থ পাঠানোর ঠিকানা
01768-909388 (নগদ)
01903130607 (বিকাশ)
017500824434( ডাচ বাংলা)

ইত্তেফাক/বিএএফ