বরিশাল অফিস ও উজিরপুর সংবাদদাতা
জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সীরতাল্লুক গ্রামের কলেজ ছাত্র ইমরান হোসেন হাওলাদারের (২২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নিজ বাড়ির ফসলী মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি কৃষক সরোয়ার হোসেন হাওলাদারের পুত্র এবং ভবানীপুর হাজী তাহেরউদ্দিন ডিগ্রি কলেজের বিএ শেষবর্ষের ছাত্র।
নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে প্রতিবেশী সেনাসদস্য আবুল কালাম আজাদের বাসায় বিপিএল এর ফাইনাল খেলা দেখতে যান ইমরান। গভীর রাতেও ইমরান বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা ওই সেনা সদস্যের বাড়িতে গিয়েও তাকে পাননি। এমনকি তার ব্যবহূত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। শনিবার সকালে এক নারী ফসলী জমিতে ইমরানের জবাই করা লাশ পড়ে থাকতে দেখে ডাকচিত্কার দেয়। এসময় প্রতিবেশীরা জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহম্মদ আব্দুর রকিব ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ইমরানের গলা কাটা ছিল। ডান হাতের কব্জিও শরীর থেকে বিচ্ছিন্ন। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম রয়েছে। তবে কে বা কারা করেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
